বর্ধমানে হারানো ফোন পৌঁছেছিল বাংলাদেশে, থানায় এসে ফেরালেন রাজশাহীর বাসিন্দা
নিজস্ব প্রতিবেদক, বর্ধমান: সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছে যাওয়া একটি দামি মোবাইল ফোন উদ্ধার করল বর্ধমান থানা। পুলিশের সঙ্গে যোগাযোগের পর বাংলাদেশের এক নাগরিক নিজে থানায় এসে ফোনটি জমা দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জুন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে পায়েল ধারা নামে বাঁকুড়ার এক বাসিন্দার মোবাইল ফোনটি হারিয়ে যায়। তিনি বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে সাইবার সেলের সহায়তায় পুলিশ ফোনটির অবস্থান জানার চেষ্টা করে। জানা যায়, ফোনটি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছেছে।
রাজশাহীর বাসিন্দা মহম্মদ আহাদ আলি নওদার একটি দোকান থেকে ফোনটি কিনেছিলেন। পরে চিকিৎসার প্রয়োজনে ভারতে এসে তিনি ওই ফোনে ভারতীয় সিম কার্ড ব্যবহার করেন। সেই সূত্র ধরে পুলিশ ফোনটির অবস্থান ও বর্তমান ব্যবহারকারীর পরিচয় জানতে পারে। এরপর বর্ধমান থানার পুলিশ আহাদ আলির সঙ্গে যোগাযোগ করে।
ফোনটি হারিয়ে যাওয়া সম্পত্তি বলে জানতে পেরে তিনি তদন্তে সহযোগিতার আশ্বাস দেন। পরে নিজেই বর্ধমান থানায় উপস্থিত হয়ে পুলিশের হাতে ফোনটি তুলে দেন। পুলিশের তৎপরতা এবং আহাদ আলির সহযোগিতার প্রশংসা করেছেন স্থানীয়রা। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ফোনটি প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বর্ধমান থানা।