ভাইফোঁটায় বৃষ্টির পূর্বাভাস, কবে ফিরবে শীতের আমেজ?
ভাইফোঁটার উৎসবের দিনে রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকায় উৎসবের আনন্দে ছন্দপতনের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃষ্টির এই প্রবণতা বুধবারও অব্যাহত থাকতে পারে। এদিন দক্ষিণবঙ্গের সব জেলায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে বাইরে বেরোনোর সময় ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবারের পর থেকে পরিস্থিতির উন্নতির আশা করা হচ্ছে।
বৃষ্টির কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় গত কয়েক দিনে শীতের আমেজ উধাও হয়েছে। উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে রাজ্যজুড়ে আকাশ পরিষ্কার হয়ে শুষ্ক আবহাওয়া ফিরতে পারে। মেঘ কাটলে ফের তাপমাত্রার পারদ নামতে শুরু করবে এবং শুক্রবারের পর থেকে রাজ্যে পুনরায় শীতের আমেজ ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে।