দুর্ঘটনার ক্ষতিপূরণ নির্ধারণে আধার কার্ডের চেয়ে ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য, জানাল হাইকোর্ট
২০১৯ সালে মধ্যপ্রদেশে এক সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়। এই ঘটনার পর ক্ষতিপূরণ পাওয়ার আশায় মৃতের পরিবার মোটর অ্যাক্সিডেন্টস ক্লেম ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়। পরিবারের পক্ষ থেকে পেশ করা আধার কার্ডে কিশোরের বয়স ১৪ বছর উল্লেখ করা হয়েছিল। সেই তথ্যের ভিত্তিতে ট্রাইব্যুনাল বিমা সংস্থাকে ৫.৪৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। তবে ক্ষতিপূরণের পরিমাণ নিয়ে অসন্তুষ্ট পরিবার অতিরিক্ত অর্থ দাবি করে মধ্যপ্রদেশ হাইকোর্টের দ্বারস্থ হয়।
হাইকোর্টে শুনানির সময় বিমা সংস্থার আইনজীবীরা দাবি করেন যে, ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে আধার কার্ডের চেয়ে ময়নাতদন্তের রিপোর্টকে গুরুত্ব দেওয়া উচিত। ওই রিপোর্টে কিশোরের বয়স ১৩ বছর বলে উল্লেখ ছিল, যা আধার কার্ডের তথ্যের চেয়ে এক বছর কম। মৃতের পরিবার এই যুক্তির বিরোধিতা করলেও আদালত তা গ্রহণ করেনি।
মামলার শুনানির পর বিচারপতি অমিত শেঠের একক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে, ময়নাতদন্তের সময় চিকিৎসকরা শারীরিক বৈশিষ্ট্য ও বৈজ্ঞানিক দিক খতিয়ে দেখে বয়স নির্ধারণ করেন। তাই বয়সের নিখুঁত প্রমাণ হিসেবে আধার কার্ডের চেয়ে ময়নাতদন্তের রিপোর্টই অধিক নির্ভরযোগ্য। আদালতের এই রায়ের ফলে ভবিষ্যতে দুর্ঘটনাজনিত বিমার ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে নথিপত্র মূল্যায়নের বিষয়টি নতুন মাত্রা পেল বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা।