ভারতে ১০০০-এর বেশি কর্মী ছাঁটাই করল কোয়ালকম, কারণ জানাল সংস্থা

বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মার্কিন চিপ নির্মাতা সংস্থা কোয়ালকম। বিশ্বব্যাপী মোট ৫২,০০০ কর্মীর মধ্যে ৩,৬০০ জনকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এই সিদ্ধান্তের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ভারতে। বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই এবং দিল্লি-এনসিআর মিলিয়ে ভারতে কোয়ালকমের প্রায় ২০,০০০ কর্মী কর্মরত। এর মধ্যে ১,০০০-এরও বেশি কর্মীকে ইতিমধ্যেই ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, আগামী বছরের জানুয়ারি মাসে ছাঁটাইয়ের দ্বিতীয় ধাপ শুরু হতে পারে।

কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আমন জানিয়েছেন, টানা কয়েকটি কোয়ার্টারে প্রত্যাশিত আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মার্টফোন চিপের বাজারে মুনাফা কমে যাওয়ায় সংস্থা এখন ডেটা সেন্টার এবং অটোমোটিভ টেকনোলজির মতো নতুন প্রযুক্তিতে বিনিয়োগের পরিকল্পনা করছে। কর্মীদের বার্ষিক কর্মক্ষমতার রিভিউয়ের ভিত্তিতেই এই ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। ছাঁটাইয়ের তালিকায় নতুন কর্মীদের পাশাপাশি অভিজ্ঞ সিনিয়র ইঞ্জিনিয়াররাও রয়েছেন।

চাকরি হারানো কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের মূল বেতন বা নোটিস পে দেওয়া হচ্ছে। পাশাপাশি, প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে প্রতি বছরের জন্য অতিরিক্ত এক মাসের বেতন এবং ছাঁটাই সংক্রান্ত নথিতে সই করলে আরও এক মাসের বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে কোয়ালকম কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। স্মার্টফোন চিপের বাজারে মন্দার কারণে বিশ্বজুড়ে এই পুনর্গঠন প্রক্রিয়া চালাচ্ছে সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *