দিগারুতে কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত, বাতিল ও সংক্ষিপ্ত একাধিক ট্রেনের যাত্রাপথ
দিগারু স্টেশনের কাছে কলকাতা-সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ায় উত্তর-পূর্ব সীমান্ত রেলের পরিষেবা ব্যাহত হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটির ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার ফলে বেশ কিছু ট্রেনের সময়সূচি ও যাত্রাপথে পরিবর্তন আনা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে রেলের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
রেল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, গুয়াহাটি-হাইবরগাঁও ডিএমইউ ট্রেনটি বাতিল করা হয়েছে। এছাড়া নিউ আলিপুরদুয়ার জংশন থেকে মরিয়ানি জংশনগামী ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, যা এখন কামাখ্যা পর্যন্ত চলাচল করবে। পাশাপাশি ১২০৬৭ গুয়াহাটি-জোরহাট টাউন জনশতাব্দী এক্সপ্রেস পানবাড়ি পর্যন্ত এবং ১৫৬২৭ কোয়েম্বাটোর-শিলচর এক্সপ্রেস পানিখাইটি পর্যন্ত যাবে।
দুর্ঘটনার পর পরিস্থিতি মোকাবিলায় কাটিহার, কিশানগঞ্জ, নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি, লামডিং ও বদরপুর সহ মোট আটটি জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাস্থলে যাত্রীদের জন্য পানীয় জল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থাও নিশ্চিত করেছে রেল প্রশাসন।