ভারতে ১০০০-এর বেশি কর্মী ছাঁটাই করল কোয়ালকম, সংকটে বেঙ্গালুরু ও হায়দরাবাদের কার্যালয়

বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মার্কিন চিপ নির্মাতা সংস্থা কোয়ালকম। সংস্থার মোট ৫২,০০০ কর্মীর মধ্যে ৩,৬০০ জনকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ভারতের বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই এবং দিল্লি-এনসিআর কার্যালয় মিলিয়ে ১,০০০-এরও বেশি কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হয়েছে। ভারতে কোয়ালকমের মোট ২০,০০০ কর্মী কর্মরত রয়েছেন, যাদের মধ্যে এই ছাঁটাই প্রক্রিয়া নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সূত্রের খবর, আগামী বছরের জানুয়ারি মাসে ছাঁটাইয়ের দ্বিতীয় ধাপ শুরু হতে পারে।

সংস্থার অভ্যন্তরীণ পারফরম্যান্স রিভিউ বা কর্মক্ষমতার মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাঁটাইয়ের তালিকায় নতুন কর্মীদের পাশাপাশি অভিজ্ঞ সিনিয়র ইঞ্জিনিয়াররাও রয়েছেন। ক্ষতিপূরণ হিসেবে সংস্থাটি তিন মাসের নোটিশ পে এবং কাজের বছরের ভিত্তিতে অতিরিক্ত বেতন প্রদানের প্রস্তাব দিয়েছে। তবে এই বিষয়ে কোয়ালকম কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

টানা কয়েকটি কোয়ার্টারে প্রত্যাশিত আর্থিক লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। স্মার্টফোন চিপের বাজারে মুনাফা কমে যাওয়ায় কোয়ালকম এখন ডেটা সেন্টার এবং অটোমোটিভ টেকনোলজির মতো নতুন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে চাইছে। ব্যবসায়িক পুনর্গঠনের অংশ হিসেবেই এই গণছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে চিপ জায়ান্ট সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *