ভিসা নিয়মে বড় বদল আনল কেন্দ্র, সহজ করা হল আবেদন প্রক্রিয়া
বিদেশি নাগরিকদের জন্য ভিসা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন নিয়মে ভিসার সাব-ক্যাটাগরির সংখ্যা ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় তথ্যের ক্ষেত্র বা ফিল্ড ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এবং উন্নত দেশগুলোর ভিসা ব্যবস্থা পর্যালোচনা করেই এই নতুন কাঠামো তৈরি করা হয়েছে। ২০২৬ সালের শেষের দিকে এই নতুন নিয়ম কার্যকর করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।
নতুন ব্যবস্থায় ট্যুরিস্ট ভিসার নাম বদলে করা হয়েছে ভিজিটর ভিসা। এটি ভি-১ এবং ভি-২ এই দুই ভাগে বিভক্ত। এছাড়া মেডিক্যাল ভিসার ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুষ চিকিৎসার জন্য এম-৩ ভিসা চালু করা হয়েছে। রোগীর সঙ্গীদের জন্য এম-২ ও এম-৪ ভিসার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে দীর্ঘমেয়াদি চিকিৎসার ক্ষেত্রে বারবার আবেদন করতে না হয়। এই উদ্যোগটি সরকারের ‘হিল ইন ইন্ডিয়া’ প্রকল্পের সঙ্গে যুক্ত।
শিক্ষার্থী ও গবেষকদের জন্য স্টুডেন্ট ভিসাকে এস-১ ও এস-২ ভাগে ভাগ করা হয়েছে। এছাড়া বিজনেস ভিসাকে বি-১ ও বি-২ শ্রেণিতে বিন্যস্ত করা হয়েছে। বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ভারতের ই-ভিসার সুবিধা পান। নতুন কাঠামোয় বিজনেস, কূটনৈতিক, কর্ম, সাংবাদিক, মেডিক্যাল, অফিসিয়াল, স্টুডেন্ট, ভিজিটর এবং মিসলেনিয়াস—এই ৯টি মূল ভিসা বিভাগ থাকবে। সরকারের দাবি, এই পরিবর্তনের ফলে বিদেশি নাগরিকদের জন্য ভারতে আসার প্রক্রিয়া আরও দ্রুত ও সুবিধাজনক হবে।