কানপুর ও অসমে জোড়া ট্রেন দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

কানপুরে চৌরিচৌরা এক্সপ্রেসের চারটি কামরা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়েই রেলওয়ের নিরাপত্তা বিভাগের বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ডিসিপি সত্যজিৎ গুপ্ত জানিয়েছেন, এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং ট্রেনের সমস্ত যাত্রী সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

একই দিনে অসমেও আরও একটি রেল দুর্ঘটনা ঘটে। বুধবার সকাল ৭টা নাগাদ কামরূপ মেট্রো জেলার দিগারু স্টেশনের কাছে কলকাতা থেকে মিজোরামগামী ১৩১২৬ সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রেনটি ভুলবশত একটি অব্যবহৃত রেললাইনে ঢুকে পড়ায় লাইনের শেষ প্রান্তে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এক শিশুসহ মোট সাতজন যাত্রী আহত হয়েছেন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠিয়েছে।

পরপর দুটি দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ও একাধিক কামরা লাইনচ্যুত হলেও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। রেল বিশেষজ্ঞদের মতে, আধুনিক এলএইচবি কোচের উন্নত প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও মজবুত কাঠামোর কারণেই বড় ধরনের ট্র্যাজেডি এড়ানো সম্ভব হয়েছে। দুর্ঘটনার অভিঘাত সামলে যাত্রীদের জীবন রক্ষা করার ক্ষেত্রে এই প্রযুক্তি বড় ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *