অনুমতিহীন স্টল ভাঙার মামলায় APDR-এর রিট পিটিশন খারিজ করল কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্টে একটি অস্থায়ী বইয়ের স্টল ভাঙার ঘটনায় দায়ের করা রিট পিটিশন খারিজ করে দিলেন বিচারপতি ঋষাদ মেদোরা। এপিডিআর (APDR)-এর তরফে আদালতে জানানো হয়, একটি অস্থায়ী বইয়ের স্টল তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের কোনো উত্তর না পাওয়ায় ১৭ অক্টোবর স্টলটি তৈরি করা হয়। অভিযোগ, ১৯ অক্টোবর স্টলটি ভেঙে দেওয়া হয়। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ক্ষতিপূরণের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করেছিল সংগঠনটি।
আদালতে শুনানির সময় বিচারপতি স্পষ্ট করেন যে, কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে আবেদন করলেও তার উত্তর না পাওয়া মানেই অনুমতি পাওয়া নয়। কর্তৃপক্ষের নীরবতাকে অনুমোদন হিসেবে ধরে নিয়ে কোনো নির্মাণ কাজ করা আইনত সিদ্ধ নয়। রাজ্য সরকারের পক্ষ থেকে সওয়াল করা হয় যে, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই স্টলটি তৈরি করা হয়েছিল। তাই স্টল ভাঙার বিষয়ে কোনো আইনি প্রতিকার পাওয়ার দাবি ভিত্তিহীন।
বিচারপতি ঋষাদ মেদোরা পর্যবেক্ষণ করেন যে, অনুমতি ছাড়া স্টল তৈরির ক্ষেত্রে মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে হাইকোর্টের রিট এক্তিয়ারে আসার কোনো ভিত্তি নেই। আবেদনকারীর এমন কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয়নি যার ভিত্তিতে এই রিট পিটিশন গ্রহণ করা যায়। তবে আদালত জানিয়েছে, স্টল ভাঙার ঘটনায় অন্য কোনো আইনি প্রতিকার পাওয়ার সুযোগ এপিডিআর-এর সামনে খোলা রয়েছে। শেষ পর্যন্ত আদালত মামলাটি খারিজ করে দেয় এবং কোনো পক্ষের ওপর খরচের দায় চাপানো হয়নি।