রেল পেনশনভোগীদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে বিশেষ সহায়তা কেন্দ্র

পূর্ব রেলের পক্ষ থেকে পেনশনভোগীদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রেলের সদর দফতর ছাড়াও হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদহ ডিভিশন এবং কাঁচরাপাড়া, জামালপুর ও লিলুয়া ওয়ার্কশপে বিশেষ হেল্পলাইন সেন্টার স্থাপন করা হয়েছে। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই কেন্দ্রগুলি থেকে পেনশনভোগীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।

এই ক্যাম্পেইনের মাধ্যমে রেলকর্মীরা পেনশনভোগীদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নির্দেশ দিচ্ছেন। গত ১০ নভেম্বর এই কেন্দ্রগুলির মাধ্যমে মোট ৩২১ জন পেনশনভোগী সফলভাবে তাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিয়েছেন। সব মিলিয়ে এই বিশেষ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত মোট ২৮৯৭ জন পেনশনভোগী তাদের সার্টিফিকেট জমা দিতে সক্ষম হয়েছেন।

যাঁদের বয়স ৮০ বছর বা তার বেশি এবং শারীরিক অসুস্থতার কারণে সশরীরে এই কেন্দ্রগুলিতে আসতে পারছেন না, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই বয়োজ্যেষ্ঠ পেনশনভোগীদের বাড়িতে গিয়ে বা প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *