বাবার চিকিৎসার ঋণ মেটাতে গিয়ে পাচার চক্রের খপ্পরে কলকাতার তরুণী, হায়দরাবাদে পর্দাফাঁস
হায়দরাবাদ ও সেকেন্দরাবাদের পাঁচটি জায়গায় অভিযান চালিয়ে একটি অবৈধ ডিম্বাণু পাচার চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। গত দু’বছর ধরে পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও বিহারের অসহায় মহিলাদের টার্গেট করত এই চক্র। কলকাতার এক তরুণী বাবার চিকিৎসার ঋণ শোধ করার আশায় ৫০ হাজার টাকার বিনিময়ে ডিম্বাণু দিতে রাজি হয়ে এই চক্রের ফাঁদে পড়েন। হায়দরাবাদে পৌঁছানোর পর তিনি বুঝতে পারেন, তিনি একটি বেআইনি কারবারের কবলে পড়েছেন।
তদন্তে জানা গেছে, এই চক্রের মূল সংগঠক অমিত শর্মা। এছাড়া পশ্চিমবঙ্গের মহিলাদের এজেন্ট হিসেবে হায়দরাবাদে পাঠানোর অভিযোগে নিকহত পারভিন ও রেশমা খাতুনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ১০০টি জাল আধার কার্ড উদ্ধার করা হয়েছে। মহিলাদের আসল পরিচয়পত্র ও ব্যাঙ্কের নথি কেড়ে নিয়ে তা আর ফেরত দেওয়া হতো না। কাউকে ক্যাটারিংয়ের কাজের লোভ দেখিয়ে, আবার কাউকে নিঃসন্তান দম্পতিদের সাহায্য করার কথা বলে সেখানে নিয়ে যাওয়া হতো।
২০২১ সালের সহায়ক প্রজনন প্রযুক্তি (ART) আইন অনুযায়ী, মানব ডিম্বাণু বিক্রি বা হস্তান্তর সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম অনুযায়ী, ২৩ থেকে ৩৫ বছর বয়সি মহিলারা জীবনে মাত্র একবারই ডিম্বাণু দান করতে পারেন এবং তার জন্য নির্দিষ্ট স্বাস্থ্যবিমার ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। কিন্তু এই চক্রটি কোনো নিয়মই মানেনি। বর্তমানে উদ্ধার হওয়া মহিলারা পুলিশি আশ্রয়ে রয়েছেন। কলকাতার ওই তরুণী দ্রুত পরিবারের কাছে ফিরে যাওয়ার আকুতি জানিয়েছেন। পলাতক সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।