সিভিল স্কোর ৭৫০-এ উন্নীত করার কার্যকরী উপায়
ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের ক্রেডিট স্কোর কম, তারা কিছু নিয়ম মেনে চললে সহজেই তা ৭৫০ বা তার বেশি করতে পারেন। ক্রেডিট হিস্ট্রি তৈরির জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করা একটি ভালো উপায়। যদি সাধারণ ক্রেডিট কার্ড পেতে সমস্যা হয়, তবে ফিক্সড ডিপোজিটের বিপরীতে সিকিউরড ক্রেডিট কার্ড নেওয়া যেতে পারে। কার্ড ব্যবহারের সময় ডিউ ডেটের আগেই পুরো বিল মিটিয়ে দেওয়া জরুরি, যা লোন পরিশোধের স্বচ্ছ রেকর্ড তৈরি করে।
ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও বজায় রাখা সিভিল স্কোর ভালো রাখার অন্যতম চাবিকাঠি। ক্রেডিট কার্ডের মোট লিমিটের ৩০ শতাংশের বেশি খরচ না করাই বুদ্ধিমানের কাজ। এছাড়া ক্রেডিট কার্ডের বিলে শুধুমাত্র ‘মিনিমাম ডিউ’ না মিটিয়ে পুরো টাকা পরিশোধ করা উচিত। অকারণে একাধিক লোন বা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা থেকে বিরত থাকতে হবে, কারণ বারবার ‘হার্ড এনকোয়ারি’ স্কোরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। পুরোনো ক্রেডিট কার্ড বন্ধ না করে তা নিয়মিত ব্যবহার করা ক্রেডিট হিস্ট্রিকে শক্তিশালী করে।
জয়েন্ট লোন বা অন্য কারও লোনের গ্যারান্টার হওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন, কারণ অন্য ব্যক্তির ইএমআই পরিশোধে দেরি হলে আপনার স্কোরেও প্রভাব পড়তে পারে। নিয়মিত নিজের ক্রেডিট রিপোর্ট চেক করা জরুরি, যাতে কোনো ভুল তথ্য থাকলে তা সংশোধন করা যায়। আরবিআই-এর নিয়ম অনুযায়ী, বছরে একবার বিনামূল্যে ক্রেডিট রিপোর্ট পাওয়ার সুযোগ রয়েছে। মনে রাখবেন, রাতারাতি স্কোর বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া কোনো প্রতারকের ফাঁদে পা দেওয়া উচিত নয়।