রেল পেনশনভোগীদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে বিশেষ সহায়তা কেন্দ্র
পূর্ব রেলের পক্ষ থেকে পেনশনভোগীদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রেলের সদর দফতর ছাড়াও হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদহ ডিভিশন এবং কাঁচরাপাড়া, জামালপুর ও লিলুয়া ওয়ার্কশপে বিশেষ হেল্পলাইন সেন্টার স্থাপন করা হয়েছে। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কেন্দ্রগুলি থেকে পেনশনভোগীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।
এই হেল্পলাইন সেন্টারগুলিতে উপস্থিত হয়ে পেনশনভোগীরা রেলকর্মীদের কাছ থেকে সার্টিফিকেট জমা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ ও সাহায্য পাচ্ছেন। গত ১০ নভেম্বর এই কেন্দ্রগুলির মাধ্যমে মোট ৩২১ জন পেনশনভোগী সফলভাবে তাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিয়েছেন। এই ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ২৮৯৭ জন পেনশনভোগী এই প্রক্রিয়ার মাধ্যমে উপকৃত হয়েছেন।
বিশেষভাবে উল্লেখ্য, ৮০ বছর বা তার বেশি বয়সী পেনশনভোগী যারা শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে সশরীরে এই কেন্দ্রগুলিতে আসতে পারছেন না, তাদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করা হয়েছে। রেল কর্তৃপক্ষের এই উদ্যোগের ফলে বয়স্ক পেনশনভোগীদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জটিলতা অনেকটাই লাঘব হয়েছে বলে মনে করা হচ্ছে।