দাসপুরে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সুযোগে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি
দাসপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগে এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনা ঘটল। পরিবারের সদস্যরা গতকাল বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। আজ সকালে ফিরে এসে তাঁরা দেখেন, বাড়ির মূল দরজা ও আলমারির তালা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের ভেতরে জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেন তাঁরা।
পরিবারের অভিযোগ, চোরেরা আলমারি ভেঙে নগদ ৩০ হাজার টাকা, রুপোর গহনা এবং পিতল ও কাঁসার বাসনপত্র চুরি করে নিয়ে গিয়েছে। বিষয়টি নজরে আসার পর প্রতিবেশীরাও ঘটনাস্থলে জড়ো হন। ফাঁকা বাড়িতে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, এর আগে এলাকায় এমন চুরির ঘটনা সেভাবে ঘটেনি।
ঘটনার খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে দাসপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাড়ির মালিক জানিয়েছেন, এর আগেও তাঁরা বাড়ি ফাঁকা রেখে বাইরে গিয়েছেন, কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা তাঁরা ভাবতেই পারেননি। পুলিশ চোরদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।