রাজ্যে কমবে তাপমাত্রা, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবি ও সোমবারের মধ্যে রাজ্যের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সকাল ও রাতে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আগামী সাত দিন সমগ্র রাজ্যজুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে এবং নতুন করে কোনো ঝড়বৃষ্টির সতর্কতা নেই।

উত্তরবঙ্গের পার্বত্য ও সমতল জেলাগুলিতে আগামী সোমবারের মধ্যে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। ফলে উত্তরের জেলাগুলিতে শীতের আমেজ আরও স্পষ্ট হবে। কলকাতায় আজ থেকে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং সকালের দিকে হালকা কুয়াশার দাপট বাড়তে পারে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এটি একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। প্রাথমিক অনুমান অনুযায়ী, নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য দেয়নি আবহাওয়া দপ্তর। উল্লেখ্য, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘আকভান’, যার নামকরণ করেছে ইরান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *