অকালপ্রয়াণে নিভল মুলায়ম-পুত্র প্রতীকের জীবন প্রদীপ! মৃত্যুর কারণ নিয়ে বাড়ছে রহস্য

সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত মুলায়ম সিং যাদবের কনিষ্ঠ পুত্র প্রতীক যাদবের আকস্মিক মৃত্যুতে উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে শোক ও চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ভোরে লখনউয়ের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ৩৮ বছর বয়সী প্রতীককে মৃত ঘোষণা করেন। সপা সুপ্রিমো অখিলেশ যাদবের ভাই প্রতীকের এই চলে যাওয়া স্বাভাবিক না কি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে ইতিমধ্য়েই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

রহস্যময় মৃত্যু ও ময়নাতদন্ত

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর ৬টায় অচৈতন্য অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল প্রতীককে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করার পাশাপাশি ময়নাতদন্তের আগে এক্স-রে করার সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারীরা। প্রতীকের মরদেহ যেখানে রাখা হয়েছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ বাড়ানো হয়েছে। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। ফলে হঠাৎ এই মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে।

ব্যক্তিগত টানাপোড়েন ও রাজনৈতিক দূরত্ব

পারিবারিক পরিচয়ে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হলেও প্রতীক যাদব নিজেকে রাজনীতি থেকে দূরে রেখেছিলেন। ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী প্রতীক মূলত রিয়েল এস্টেট ও জিম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তবে গত কয়েক দিন ধরে স্ত্রী তথা বিজেপি নেত্রী অপর্ণা যাদবের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি নিয়ে ব্যাপক গুঞ্জন চলছিল। অপর্ণার বিরুদ্ধে পরিবার ধ্বংসের অভিযোগ তুলে চলতি মাসের শুরুতেই বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন প্রতীক। এই ব্যক্তিগত টানাপোড়েনের আবহে তাঁর প্রয়াণ ঘটনার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই এই অকালমৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *