বিদেশি চিকিৎসকের সঙ্গে কোটি টাকার প্রতারণা, ফ্ল্যাট কেনার নামে জালিয়াতি ব্যবসায়ীর

উত্তরপ্রদেশের নয়ডায় এক প্রবাসী চিকিৎসকের সঙ্গে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। উজবেকিস্তানে কর্মরত ডা. জয়বীর সিংয়ের সঙ্গে রমেশ নামে এক ব্যবসায়ীর পরিচয় হয়। দুজনে মিলে মেডিক্যাল যন্ত্রাংশ আমদানির ব্যবসা শুরু করেছিলেন। ব্যবসার সুবাদে রমেশ ওই চিকিৎসককে নয়ডার সেক্টর-১০৭-এর প্রতীক এডিফিস সোসাইটিতে দুটি ফ্ল্যাট কেনার প্রস্তাব দেন। অভিযোগ, ফ্ল্যাট বুকিংয়ের নামে জয়বীরের কাছ থেকে ধাপে ধাপে প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা হাতিয়ে নেন ওই ব্যবসায়ী।

প্রতারণার ফাঁদ এতটাই সুনিপুণ ছিল যে, চিকিৎসককে ফ্ল্যাটের দখল বুঝিয়ে দেওয়া হয়। জয়বীর নিজের পছন্দমতো ইন্টিরিয়র ও ফার্নিচারের কাজ করিয়ে ধুমধাম করে গৃহপ্রবেশও করেন। ফ্ল্যাটের দরজায় নিজের নামাঙ্কিত নেমপ্লেটও লাগান তিনি। কিন্তু পরে জানা যায়, ফ্ল্যাট দুটি জয়বীরের নামে নয়, বরং রমেশের স্ত্রী গীতার নামে রেজিস্ট্রি করা হয়েছে। শুধু তাই নয়, ওই ফ্ল্যাটগুলির ওপর ভিত্তি করে ব্যাংক থেকে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকার ঋণও তুলে নিয়েছেন অভিযুক্ত ব্যবসায়ী।

ব্যবসায়িক লেনদেনের সূত্রে রমেশকে ১ লাখ ১৮ হাজার মার্কিন ডলার ধার দিয়েছিলেন ডা. জয়বীর। সেই টাকা ফেরত না পাওয়ায় উজবেকিস্তানের তাশখন্দ আদালতে মামলা করেন তিনি এবং রায় নিজের পক্ষে পান। এরপরই ফ্ল্যাট জালিয়াতির বিষয়টি সামনে আসে। আদালতের নির্দেশে নয়ডার সেক্টর-৩৯ থানায় অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ব্যাংক রেকর্ড ও আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখে ঘটনার তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *