সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জিজ্ঞাসাবাদ, ভবানীপুর থানায় ৪ ঘণ্টা হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টকে কেন্দ্র করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশ। গত ২৭ মে ভবানীপুর থানায় দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে এই তলব করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে করা একটি পোস্টের জেরে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই পোস্টে ব্যবহৃত শব্দবন্ধের মাধ্যমে বিদ্বেষ ছড়ানো এবং জনমানসে অশান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১)(এ), ১৯৬(১)(সি), ৩৫৩(১)(বি) এবং ৩৫৩(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানোর অভিযোগে এই ধারাগুলি প্রয়োগ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে অভিষেক জানান, তদন্তকারী আধিকারিকদের করা সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন এবং ভবিষ্যতেও প্রয়োজনে হাজিরা দেবেন বলে জানিয়েছেন।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েই তাঁকে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় করা ওই পোস্টের বিষয়ে নিজের অবস্থানে অনড় থেকে তিনি জানান, কেন তিনি বিজেপিকে ‘বাংলা বিরোধী’ বলে মনে করেন, তার ব্যাখ্যা ওই পোস্টেই দেওয়া ছিল। বর্তমানে এই ঘটনার তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *