অসমের কাজিরাঙায় ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ২৩

অসমের কাজিরাঙা কহরা রেঞ্জের রঙ্গাজান এলাকায় ৭১৫ নম্বর জাতীয় সড়কে শুক্রবার দুপুরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। বোকাখাত থেকে নগাঁওগামী একটি মিনিবাসের সঙ্গে উলটো দিক থেকে আসা একটি কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। হাতিকুল চা বাগানের কাছে ঘটা এই দুর্ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং বহু যাত্রী ভেতরে আটকে পড়েন। মৃতদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া বলে প্রাথমিক তথ্যে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা সেখানে পৌঁছান। আহতদের উদ্ধার করে প্রথমে কোহরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য জোরহাট মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। উদ্ধারকাজে তদারকি করছেন রাজ্যের মন্ত্রী অতুল বোরা।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, কাজিরাঙা পার্ক সংলগ্ন এলাকায় গতিসীমা থাকলেও বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *