এক পেগ মদ নিয়ে বিবাদ, চাচাকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভাতিজার
ভোপালের বিলখিরিয়া থানা এলাকায় এক পেগ মদ তৈরি করা নিয়ে বিবাদের জেরে নিজের চাচাকে খুনের দায়ে ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। প্রধান জেলা ও দায়রা জজ মনোজ কুমার শ্রীবাস্তবের আদালত এই রায় প্রদান করেছে। গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে লীলা গিরি নামে এক ব্যক্তির ক্ষেতের টপরেতে মদ্যপানের আসর বসেছিল। সেই সময় ভাতিজা আনন্দের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সে ধারালো ছুরি দিয়ে চাচাকে আঘাত করে, যার ফলে ঘটনাস্থলেই লীলা গিরির মৃত্যু হয়।
ঘটনার পরদিন আনন্দ নিজেই থানায় গিয়ে দাবি করে যে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তার চাচাকে খুন করেছে। পুলিশকে বিভ্রান্ত করতে সে তিন ব্যক্তির নামও উল্লেখ করে। তবে তদন্তে নেমে পুলিশ আনন্দের বয়ানে অসংগতি খুঁজে পায়। ফরেনসিক রিপোর্ট এবং ডিএনএ পরীক্ষায় আনন্দের শার্টে পাওয়া রক্তের দাগ নিহত লীলা গিরির বলে প্রমাণিত হয়। এছাড়া পুলিশ আনন্দের দেখানো জায়গা থেকেই রক্তমাখা ছুরিটি উদ্ধার করে।
বিচার চলাকালীন বেশ কয়েকজন সাক্ষী বয়ান থেকে সরে দাঁড়ালেও বৈজ্ঞানিক প্রমাণ ও ডিজিটাল সাক্ষ্য অপরাধীকে দোষী সাব্যস্ত করতে সাহায্য করে। ভোপাল আদালতে এই প্রথমবার ‘ই-সাক্ষ্য’ পোর্টালের ভিডিওগ্রাফি ডিজিটাল প্রমাণ হিসেবে পেশ করা হয়। বিশেষ লোক প্রসিকিউটর সুধা বিজয় সিং ভাদৌরিয়ার সওয়ালে সমস্ত তথ্য-প্রমাণ খতিয়ে দেখে আদালত আনন্দকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে। পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত প্রযুক্তি ও ফরেনসিক প্রমাণের কাছে হার মানতে হয়েছে অপরাধীকে।