নিষেধাজ্ঞা উঠতেই জালে আড়াই কেজির ইলিশ, বিক্রি হলো সাড়ে আট হাজার টাকায়
বাংলাদেশে ইলিশ ধরার ওপর দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বড় আকারের একটি ইলিশ। কুয়াকাটার এক জেলের জালে মাছটি ধরা পড়ে। দীর্ঘ প্রতীক্ষার পর নিষেধাজ্ঞা উঠতেই এমন বড় আকারের ইলিশ পাওয়ায় মৎস্যজীবীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। বড় ইলিশের পাশাপাশি ছোট আকারের আরও কিছু ইলিশও জালে ধরা পড়েছে।
নিলামে মাছটি কিনেছেন জয়নাল ঘরামি নামের এক ব্যবসায়ী। ২ কেজি ৩০০ গ্রাম ওজনের এই ইলিশটি তিনি সাড়ে ৮ হাজার টাকায় কিনেছেন। ব্যবসায়ী জয়নাল ঘরামি জানান, বাজারে বড় ইলিশের চাহিদা প্রচুর থাকলেও সেই তুলনায় জোগান কম। তাই মাছটির ওজন দেখেই তিনি তা কিনে নিয়েছেন এবং ভালো লাভে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
বাংলাদেশে ইলিশ মাছের সংরক্ষণ ও বংশবৃদ্ধির জন্য সরকার অত্যন্ত কঠোর নিয়ম মেনে চলে। ইলিশ প্রজনন নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। ইলিশ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিদেশি মুদ্রা আয়ের অন্যতম বড় মাধ্যম হিসেবে বিবেচিত হয়। সরকারি নিয়ম মেনেই মৎস্যজীবীরা ইলিশ শিকার করে থাকেন।