জেসন সুডেকিসের সঙ্গে যৌথ অভিভাবকত্ব অত্যন্ত কঠিন, অকপট অলিভিয়া ওয়াইল্ড
অভিনেত্রী অলিভিয়া ওয়াইল্ড সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন সঙ্গী জেসন সুডেকিসের সঙ্গে যৌথ অভিভাবকত্বের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, সন্তানদের বড় করার ক্ষেত্রে তারা একটি ভারসাম্য খুঁজে পেলেও এই পথটি মোটেও সহজ ছিল না। যারা যৌথ অভিভাবকত্বকে খুব সাধারণ বা সহজ বিষয় বলে মনে করেন, তাদের ধারণা ভুল বলে দাবি করেছেন অলিভিয়া।
অলিভিয়া ও জেসনের দুই সন্তান রয়েছে—১২ বছর বয়সী পুত্র ওটিস আলেকজান্ডার এবং ১০ বছর বয়সী কন্যা ডেইজি জোসেফাইন। সন্তানদের সামনে বাবা-মায়ের সম্পর্কের টানাপোড়েন গোপন করা সম্ভব নয় বলেই মনে করেন অভিনেত্রী। তাঁর মতে, শিশুরা অত্যন্ত সংবেদনশীল এবং তারা বাড়ির পরিবেশ ও বাবা-মায়ের মানসিক অবস্থা খুব দ্রুত বুঝতে পারে।
সন্তানদের সামনে সততা ও স্বচ্ছতা বজায় রাখাকেই তিনি গুরুত্ব দিয়েছেন। অলিভিয়ার কথায়, কোনো কিছু লুকানোর চেষ্টা করলে শিশুরা তা সহজেই টের পায়, কারণ তারাই বাড়ির সবচেয়ে সহজাত অনুভূতিসম্পন্ন মানুষ। কঠিন পরিস্থিতির মধ্যেও সন্তানদের একটি সুস্থ ও স্বাভাবিক জীবন উপহার দিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।