স্বামীর নিরাপত্তা নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ সুমিত রায়ের স্ত্রী

পুলিশি হেফাজতে থাকা সুমিত রায়ের নিরাপত্তা ও শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী। অভিযোগে জানানো হয়েছে, সুমিত রায় স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত এবং ঘুমের সময় তাঁর একটি বিশেষ যন্ত্রের প্রয়োজন হয়। পুলিশি হেফাজতে তাঁকে সেই চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না এবং পর্যাপ্ত বিশ্রাম থেকেও বঞ্চিত রাখা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

স্ত্রীর অভিযোগ, রাতের অন্ধকারে তদন্তের অজুহাতে সুমিত রায়কে বিভিন্ন অপরাধস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। সাজানো ঘটনার মাধ্যমে এনকাউন্টার করে তাঁর প্রাণ কেড়ে নেওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। আবেদনে রাজ্যের সাম্প্রতিক কয়েকটি এনকাউন্টারের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে।

অভিযোগের গুরুত্ব বিবেচনা করে রাজ্য মানবাধিকার কমিশন ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার, উস্তি থানার ওসি, কালীতলা আশুতি থানার ওসি এবং ডায়মন্ড হারবার থানার আইসিকে নোটিস পাঠিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। কমিশন নির্দেশ দিয়েছে যে, তদন্তের প্রতিটি পদক্ষেপে যেন আইন ও মানবাধিকারের সুরক্ষা বজায় থাকে এবং অভিযুক্তের স্বাস্থ্যের যাতে কোনো ক্ষতি না হয়। আগামী ৩০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *