চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় আকর্ষণ ১৫০০ কেজির রোবোটিক হাতি

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে ১৫০০ কেজি ওজনের একটি রোবোটিক হাতি। রোবোটিক প্রযুক্তিতে তৈরি এই হাতিটির চোখ, কান, মুখ, শুঁড় ও লেজ জীবন্ত প্রাণীর মতোই নড়াচড়া করতে সক্ষম। এমনকি শুঁড় দিয়ে গোলাপ জল ছিটিয়ে দর্শকদের চমকে দিচ্ছে এই বিশেষ হাতিটি। উদ্যোক্তাদের দাবি, এই রোবোটিক হাতিটি আনতে প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা খরচ হয়েছে। দূর থেকে দেখলে বোঝার উপায় নেই যে হাতিটি আসল নয়।

পুজো কমিটির সভাপতি সূর্যকান্ত দাস জানিয়েছেন, এবারের মণ্ডপসজ্জার মূল ভাবনা কেরলের বিখ্যাত ওনাম উৎসবের পৌরাণিক কাহিনি। রাজা মহাবলির সেই কাহিনিকে কেন্দ্র করেই মণ্ডপ সাজানো হয়েছে। কেরলের মন্দিরগুলির সঙ্গে হাতির বিশেষ যোগ থাকায় সেই ঐতিহ্যকে তুলে ধরতেই এই রোবোটিক হাতির ব্যবস্থা করা হয়েছে। মণ্ডপের অন্দরে নৌকার আদলে তৈরি কাঠামো, অসংখ্য আলপনা এবং দেব-দেবীর মূর্তির পাশাপাশি অনন্তনাগের উপর শায়িত ভগবান বিষ্ণুর রূপ ফুটিয়ে তোলা হয়েছে।

পুরো মণ্ডপটি কেরলের মন্দির স্থাপত্য ও উৎসবের আবহে সেজে উঠেছে। এই বিশেষ পরিবেশ তৈরি করতে কেরলের আলেপ্পি থেকে আট জন বাজনদারকেও আনা হয়েছে। মণ্ডপের অভিনব সজ্জা এবং রোবোটিক হাতির জীবন্ত কর্মকাণ্ড চন্দননগরের এই পুজোকে দর্শনার্থীদের কাছে অন্যতম প্রধান গন্তব্য করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *