মালদায় ভিনরাজ্যের মাখনা শ্রমিকদের উদ্যোগে পুজোর আয়োজন
মালদার হরিশ্চন্দ্রপুর থানার পিপলা বাসস্ট্যান্ড চত্বরে ভিনরাজ্যের মাখনা শ্রমিকদের উদ্যোগে আয়োজিত হয়েছে বিশেষ পুজোর অনুষ্ঠান। কাজের প্রয়োজনে বাড়ি থেকে শত শত মাইল দূরে থাকলেও, শিকড়ের টানে নিজেদের জন্মভূমির উৎসবের আবহ তৈরি করতে উদ্যোগী হয়েছেন এই খেটে খাওয়া মানুষগুলো। এলাকার বিভিন্ন মাখনা ফড়িতে কর্মরত প্রায় শতাধিক শ্রমিক যৌথভাবে এই পুজোর আয়োজন করেছেন।
পুজোর মণ্ডপ ও ঘাট ফুল এবং রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে। উৎসবের দিনগুলোতে সকলে মিলে একত্রিত হয়ে আনন্দ ভাগ করে নেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভিনরাজ্যের শ্রমিকদের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে বিশেষ আলোচনার সৃষ্টি করেছে। উৎসবের আমেজে এখন সাজ সাজ রব পড়ে গিয়েছে গোটা এলাকায়।
পুজোকে ঘিরে সাধারণ মানুষের জমায়েত ও শৃঙ্খলার কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থায় কড়া নজরদারি চালাচ্ছে স্থানীয় প্রশাসন। শনিবার বিকেলে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ নিজে পুজোর মণ্ডপ ও ঘাট পরিদর্শন করেন। পুজো যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে আয়োজকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি। প্রশাসনের এই তৎপরতা ও শ্রমিকদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।