রেলওয়ে গ্রুপ-ডি পরীক্ষার ফলাফল ও জোনভিত্তিক কাট-অফ তালিকা প্রকাশিত
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে গ্রুপ-ডি পরীক্ষার ফলাফল এবং জোনভিত্তিক কাট-অফ নম্বর প্রকাশ করা হয়েছে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন জোনের কাট-অফ নম্বরে বড় ধরনের তারতম্য লক্ষ্য করা গেছে। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে সাধারণ বা আনরিজার্ভড ক্যাটাগরির কাট-অফ ৮৪.১৬৭৯৪ রেকর্ড করা হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এছাড়া কলকাতায় ওবিসি ক্যাটাগরির কাট-অফ ৮০.৯৯৮৫৯, ইডব্লিউএস ৭৪.০২, এসসি ৭৭.৪৪ এবং এসটি ৬৬.৫৯ নম্বর পর্যন্ত নির্ধারিত হয়েছে।
ফলাফলের ক্ষেত্রে চেন্নাই আরআরবি-তে এক ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। সাধারণত সাধারণ ক্যাটাগরির কাট-অফ বেশি থাকলেও, চেন্নাইতে ওবিসি ক্যাটাগরির কাট-অফ ৮২.৭৯১৬৮ এবং সাধারণ ক্যাটাগরির কাট-অফ ৮০.৭৫৬০১ নম্বর রেকর্ড করা হয়েছে। অর্থাৎ, এখানে ওবিসি প্রার্থীদের কাট-অফ সাধারণের তুলনায় প্রায় ২.০৩ নম্বর বেশি। অন্যদিকে, পাটনা জোনে সাধারণ ক্যাটাগরির কাট-অফ ৮২.৫১৩৩৩ এবং ওবিসি-র কাট-অফ ৮২.৫১১৩৫ ছিল, যেখানে দুই ক্যাটাগরির মধ্যে ব্যবধান অত্যন্ত সামান্য।
দেশের অন্যান্য জোনের সাধারণ ক্যাটাগরির কাট-অফের মধ্যে রাঁচি ৮০.৫১৯৪৪, চণ্ডীগড় ৮০.২৫০৭০, ভোপাল ৭৯.৮১৫৮১, বেঙ্গালুরু ৭৯.২৯৩৫২, বিলাসপুর ৭৮.৮৯৪৫৮, ভুবনেশ্বর ৭৮.০৬৯৪৬, প্রয়াগরাজ ৭৭.৬৯১৫২, মুম্বই ৭৭.৬৫৭১০ এবং আমদাবাদ জোনে ৭৭.২৮৮২৭ নম্বর রেকর্ড করা হয়েছে। গোরক্ষপুর জোনে সাধারণ ক্যাটাগরির কাট-অফ ৮১.৪৬ এবং ওবিসি-র কাট-অফ ৮০.৯২ নম্বর ছিল। এছাড়া আজমেঢ় জোনে সাধারণের কাট-অফ ৮০.৬৮২২০ থাকলেও সেখানে ওবিসি ক্যাটাগরির কোনো শূন্যপদ ছিল না।
অধিকাংশ জোনেই সাধারণ এবং ওবিসি ক্যাটাগরির কাট-অফের মধ্যে ব্যবধান এক নম্বরেরও কম লক্ষ্য করা গেছে। ইডব্লিউএস ক্যাটাগরির কাট-অফও বেশিরভাগ ক্ষেত্রে অন্য দুই ক্যাটাগরির তুলনায় কিছুটা কম রয়েছে। সফল প্রার্থীরা সংশ্লিষ্ট আঞ্চলিক বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল ও জোনভিত্তিক কাট-অফ বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন।