মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস, লঞ্চ টাওয়ারের সাহায্যে স্টারশিপ উদ্ধার করল স্পেসএক্স
মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করল স্পেসএক্স। টেক্সাসের স্টারবেস থেকে উৎক্ষেপণের পর স্টারশিপের ৪২ নম্বর যান বা ‘শিপ ৪২’-কে সফলভাবে লঞ্চ টাওয়ারের সাহায্যে মাঝ আকাশে ধরে ফেলল সংস্থাটি। ১৫তম ইন্টিগ্রেটেড ফ্লাইট টেস্টের অংশ হিসেবে এই অভিযানটি পরিচালিত হয়। প্রায় ২২ ঘণ্টারও বেশি সময় মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে আসে এই মহাকাশযানটি।
উৎক্ষেপণের পর স্টারশিপ পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রায় ২৭৫ কিলোমিটার উচ্চতায় পৌঁছায় এবং পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে। এই সময়ের মধ্যে যানটি ২৬টি স্টারলিঙ্ক V3 উপগ্রহ মহাকাশে স্থাপন করে। পাশাপাশি, বিশেষ ক্যামেরার সাহায্যে স্টারশিপের হিট শিল্ড ও অন্যান্য যন্ত্রাংশের কার্যকারিতা পরীক্ষা করা হয়। পৃথিবীতে ফিরে আসার আগে মহাকাশযানটির নিরাপত্তা ও প্রস্তুতি যাচাই করাই ছিল এই ব্যবস্থার মূল উদ্দেশ্য।
অভিযানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল লঞ্চ টাওয়ারের দুটি বিশাল যান্ত্রিক বাহু, যা ‘চপস্টিকস’ নামে পরিচিত। মহাকাশ থেকে ফিরে আসা স্টারশিপকে নির্দিষ্ট জায়গায় পৌঁছতে দেখে এই বাহু দুটি বন্ধ হয়ে যানটিকে মাঝ আকাশেই ধরে ফেলে। এর আগে সুপার হেভি বুস্টারকে উদ্ধার করার নজির থাকলেও, কক্ষপথ থেকে ফিরে আসা স্টারশিপের উপরের অংশকে এভাবে ধরে ফেলার ঘটনা এই প্রথম।
যদিও এই অভিযানে রকেটের দুটি অংশকেই উদ্ধার করার লক্ষ্য ছিল, তবে শেষ পর্যন্ত সুপার হেভি বুস্টারটিকে লঞ্চ টাওয়ারে ফিরিয়ে আনার পরিকল্পনা বাতিল করা হয়। পরিবর্তে বুস্টারটি মেক্সিকো উপসাগরের সমুদ্রের উপর অবতরণ করে। তবুও শিপ ৪২-কে সফলভাবে ফিরিয়ে আনার এই ঘটনা স্পেসএক্সের মহাকাশ গবেষণায় এক বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।