অসুস্থ মীনাক্ষী চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সাংসদ শমীক ভট্টাচার্য
প্রয়াত কবি শক্তি চট্টোপাধ্যায়ের স্ত্রী মীনাক্ষী চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। বর্তমানে অসুস্থ মীনাক্ষীদেবীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই তাঁর বাসভবনে যান সাংসদ। কবির ছাত্র হিসেবে দীর্ঘদিনের সুবাদে শক্তি চট্টোপাধ্যায়ের জীবন ও ব্যক্তিত্বের নানা অজানা দিক নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। রাজনীতির ঊর্ধ্বে উঠে কবির প্রতি শ্রদ্ধা জানাতেই এই সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছেন শমীক ভট্টাচার্য।
সাক্ষাৎ শেষে সাংসদ বলেন, কবি শক্তি চট্টোপাধ্যায়ের সাফল্যের নেপথ্যে মীনাক্ষীদেবীর অবদান অনস্বীকার্য। কবির মতো বর্ণময় ও জটিল জীবনযাপনকে সামলে নেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা অপরিসীম। এই প্রসঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ত্রী স্বাতী গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত উক্তিটি স্মরণ করেন তিনি, যেখানে বলা হয়েছিল মীনাক্ষী না থাকলে শক্তি চট্টোপাধ্যায় হয়তো শক্তি চট্টোপাধ্যায় হয়ে উঠতেন না।
অসুস্থতার মধ্যেও মীনাক্ষীদেবী বর্তমানে লেখালেখি চালিয়ে যাচ্ছেন। এই সাক্ষাতের সময় তিনি সাংসদকে তাঁর লেখা বই ‘আন্তরিক পর্যটনে’ উপহার দেন। পাশাপাশি, নিজের আঁকা বিভিন্ন বিখ্যাত মানুষের স্কেচও তিনি শমীক ভট্টাচার্যকে দেখান। এই মুহূর্তটিকে নিজের জীবনের এক দুর্লভ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন সাংসদ।