পাকিস্তানের সেনার কড়া নিরাপত্তায় গা ঢাকা দিয়েছে হাফিজ সইদ ও মাসুদ আজহার
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে লাহোরের জোহর টাউনের বাসভবন থেকে সরিয়ে রাওয়ালপিন্ডির গ্যারিসন গ্রাউন্ড এলাকায় স্থানান্তর করা হয়েছে। এলাকাটি পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতরের অত্যন্ত কাছে হওয়ায় সেখানে কড়া নিরাপত্তা বলয় রয়েছে। অন্যদিকে, জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে সিন্ধ প্রদেশের নবাবশাহ এলাকার একটি বিশেষ সুরক্ষিত কম্পাউন্ডে রাখা হয়েছে। নিরাপত্তার খাতিরে এই দুই জঙ্গি নেতার বাইরের জগতের সঙ্গে সমস্ত যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
২০২৫ সালের মে মাসে ভারতের পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই পাকিস্তানের অভ্যন্তরে আশ্রয় নেওয়া জঙ্গিদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। ওই অভিযানে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া, গত কয়েক মাসে পাকিস্তানের মাটিতে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হাতে একের পর এক ভারতবিরোধী জঙ্গি নিহত হওয়ায় পাক নিরাপত্তা সংস্থাগুলোও উদ্বিগ্ন। প্রাণহানির আশঙ্কায় হাফিজ সইদ এখন লস্কর সদস্যদের সঙ্গে সরাসরি বৈঠকের বদলে রেকর্ড করা অডিও বার্তার ওপর নির্ভর করছেন। মাসুদ আজহারও সাধারণ জঙ্গিদের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখে কেবল শীর্ষস্থানীয় কয়েকজন কমান্ডারের সঙ্গেই সীমিত যোগাযোগ রাখছেন।
পাকিস্তান সরকার বরাবরই দাবি করে আসছে যে হাফিজ সইদ লাহোরের কোট লাখপত জেলে বন্দি এবং মাসুদ আজহার নিখোঁজ বা আফগানিস্তানে পালিয়ে গেছেন। তবে ভারতীয় গোয়েন্দাদের মতে, ২০০১ সালের সংসদ হামলা, ২০০৮ সালের মুম্বই হামলা, পাঠানকোট ও পুলওয়ামা হামলার মূল চক্রীদের আন্তর্জাতিক চাপ থেকে আড়াল করতেই পাকিস্তান এই কৌশল নিয়েছে। সেনার ছত্রছায়ায় তাদের পূর্ণ সুরক্ষা দিয়ে রাখা হয়েছে বলে গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে।