শীতের খুশকি দূর করতে মেনে চলুন এই ঘরোয়া উপায়গুলি
শীতকালে আবহাওয়ার আর্দ্রতা কমে যাওয়ায় মাথার ত্বক শুষ্ক হয়ে পড়ে, যার ফলে মৃত কোষ ঝরে খুশকির সমস্যা দেখা দেয়। তবে খুশকির কারণ কেবল শুষ্কতা নয়, মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হওয়া, ছত্রাকের সংক্রমণ, সেবোরিক ডার্মাটাইটিস বা নির্দিষ্ট হেয়ার কেয়ার প্রোডাক্টের প্রতি সংবেদনশীলতাও এর জন্য দায়ী হতে পারে। এই সমস্যা নিয়ন্ত্রণে রাখতে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা প্রয়োজন।
খুশকি কমাতে নিমপাতার নির্যাস অত্যন্ত কার্যকর। এটি মাথার ত্বক পরিষ্কার রাখতে ও ময়লা দূর করতে সাহায্য করে। এছাড়া আমলকির গুঁড়ো ও দইয়ের মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। আমলকিতে থাকা ভিটামিন সি এবং দইয়ের উপকারী ব্যাকটেরিয়া ইস্টের বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তা করে। তবে যেকোনো প্রাকৃতিক উপাদান ব্যবহারের আগে ত্বকের ছোট অংশে পরীক্ষা করে নেওয়া জরুরি।
মানসিক চাপের সঙ্গেও খুশকির যোগ রয়েছে। অতিরিক্ত স্ট্রেস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, যা সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই নিয়মিত যোগব্যায়াম বা পছন্দের কাজে সময় কাটিয়ে মানসিক চাপমুক্ত থাকা প্রয়োজন। সুষম আহার ও পর্যাপ্ত জল পান করাও জরুরি। যদি দীর্ঘদিন ধরে খুশকির সমস্যা থাকে বা মাথার ত্বকে লালচে ভাব ও ঘা দেখা দেয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।