কংগ্রেস-বাম জোটের কোনো গ্যারান্টি নেই, ধর্মনগরে মন্তব্য বিপ্লব দেবের
ধর্মনগরে ভারতীয় জনতা পার্টির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, নির্বাচনী প্রস্তুতি এবং প্রার্থীদের ভূমিকা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব বিরোধী জোটকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, কংগ্রেস এবং বামফ্রন্টের জোটের কোনো গ্যারান্টি নেই। এই জোট জয়ী হলে কে কোথায় থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই। অতীতেও বিভিন্ন নির্বাচনের আগে এই দলগুলো জোটবদ্ধ হয়েছে, কিন্তু পরবর্তীতে সেই জোট ভেঙে গেছে। তাই সাধারণ মানুষ তাদের ওপর আস্থা রাখতে পারে না বলে তিনি দাবি করেন।
বিপ্লব দেব আরও বলেন, জনগণ ভালো করেই জানে যে একমাত্র ভারতীয় জনতা পার্টিই স্থিতিশীল। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই সময় সিপিআইএম ব্যাপক তৎপরতা দেখালেও নির্বাচনের পর তা আর বজায় থাকেনি। বিজেপির ওপরই জনগণের প্রকৃত আস্থা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।