দাদির শেষকৃত্যে যোগ দিতে পারলেন না অমৃতপাল সিং, জেল কর্তৃপক্ষের আপত্তিতে বাতিল প্যারোল

দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন খিদুর সাহিবের সাংসদ অমৃতপাল সিংয়ের দাদি চরণ কৌর। পরিবারের পক্ষ থেকে দাদির শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য অমৃতপালের সাময়িক মুক্তির আবেদন জানানো হয়েছিল। আদালতের অতিরিক্ত সেশন জজ তাঁকে এক দিনের কাস্টোডিয়াল প্যারোল মঞ্জুরও করেছিলেন। তবে ডিব্রুগড় জেল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয় যে, এত কম সময়ের মধ্যে এই নির্দেশ কার্যকর করা সম্ভব নয়।

জেল কর্তৃপক্ষের আপত্তির কারণে শেষকৃত্যের দিন পরিবর্তন করে আগামী ২০ নভেম্বর এবং অন্তিম অর্দাস ২২ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। সাংসদের আইনজীবী করমবীর সিং পন্নু জানিয়েছেন, পরিবারের ইচ্ছানুসারে শেষকৃত্যের দিন পরিবর্তনের কারণে তাঁরা একটি সংশোধন আর্জি দাখিল করতে চেয়েছিলেন। কিন্তু জেল প্রশাসন সেই আবেদন গ্রহণ করতে অস্বীকার করে। এই পরিস্থিতিতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে আইনজীবী জানিয়েছেন, প্রয়োজনে তাঁরা উচ্চতর আদালতের দ্বারস্থ হবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে পাঞ্জাবের মোগা জেলা থেকে অমৃতপালকে গ্রেপ্তার করা হয়। আজনালা থানায় হামলার অভিযোগে অভিযুক্ত এই সাংসদ বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্যে অসমের ডিব্রুগড় সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন। অমৃতপালের চার দিনের প্যারোলের আবেদন থাকলেও আদালত তাঁকে মাত্র এক দিনের অনুমতি দিয়েছিল। অন্যদিকে, তাঁর কাকা হরজিত সিংকে তিন দিন এবং তুতো ভাই সুখমন সিংকে দুদিনের প্যারোল দেওয়া হয়েছে। দাদির শেষকৃত্যে যোগ দেওয়ার সুযোগ হাতছাড়া হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *