বেসরকারি হাতে কলকাতা বন্দর হাসপাতাল, কাজে যোগ দিতে বাধা পেয়ে বিক্ষোভ কর্মীদের
কলকাতা বন্দরের শতবর্ষের ঐতিহ্যবাহী হাসপাতালটি বেসরকারি সংস্থা চার্নক হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়েছে। গত ১৪ নভেম্বর রাতে বন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত কার্যকর করে। ১৫ নভেম্বর সকালে কর্মরত নার্স ও অন্যান্য কর্মীরা হাসপাতালে কাজে যোগ দিতে গেলে বন্দরের নিজস্ব নিরাপত্তা রক্ষী, পুলিশ, সিআইএসএফ এবং বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেয়। এর ফলে দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে কর্মরত প্রায় ২০০ জন চুক্তিবদ্ধ ও ঠিকাদার নিযুক্ত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
হাসপাতাল বেসরকারিকরণের প্রতিবাদে দীর্ঘ চার বছর ধরে শ্রমিক সংগঠনগুলি আন্দোলন চালিয়ে আসছিল। কেন্দ্রীয় শ্রম কমিশনারের দপ্তরে আগামী ২০ নভেম্বর আলোচনার দিন ধার্য ছিল। এর আগে ডেপুটি চিফ লেবার কমিশনার নির্দেশ দিয়েছিলেন যে, সমস্ত উপভোক্তার সঙ্গে আলোচনা করে চুক্তি করতে হবে এবং কোনো কর্মীকে ছাঁটাই করা যাবে না। সেই নির্দেশ উপেক্ষা করেই রাতের অন্ধকারে হাসপাতাল হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ শ্রমিক সংগঠনের।
সাতের দশকে বন্দর কর্মী ও তাঁদের পরিবারের উন্নত চিকিৎসার স্বার্থে গড়ে ওঠা ১০৪ শয্যার এই হাসপাতালে অত্যাধুনিক আইসিসিইউ ও অপারেশন থিয়েটার রয়েছে। কোভিড অতিমারির সময়েও এই হাসপাতাল সচল ছিল। সম্পূর্ণ সচল ও উন্নত পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন এটি বেসরকারি হাতে তুলে দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিকরা। কাজে যোগ দিতে না পেরে হাসপাতালের গেটের বাইরে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা।