বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার পুলিশ অফিসার, মিলল ষড়যন্ত্রের তথ্য
বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে পুলিশ সুপার জাহাঙ্গির আলমকে। হালিশহর এলাকার জেলা পুলিশ লাইন্সের অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের একটি দল। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি সাপেক্ষে আরআরএফের সহকারি পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরীর দায়ের করা মামলার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, জাহাঙ্গির আলম নিষিদ্ধ ঘোষিত আওয়ামি লিগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় তার সম্পৃক্ততা থাকার পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে এই তথ্যগুলো উঠে এসেছে বলে জানা গেছে।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, জাহাঙ্গিরের ফোনে আওয়ামি লিগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনার বার্তা পাওয়া গিয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে ফিরিয়ে আনা এবং সেই লক্ষ্যে মাঠে নামার মতো উস্কানিমূলক বার্তা আদান-প্রদান করা হচ্ছিল। এই সমস্ত তথ্যের ভিত্তিতেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে।