মুম্বইয়ে ইহুদিদের ধর্মীয় কেন্দ্রে রেইকি, ধৃত যশ সিংয়ের সঙ্গে কেরলের মামলার যোগ
মুম্বইয়ের কোলাবায় অবস্থিত ইহুদিদের প্রার্থনাকেন্দ্র চাবাড়া হাউস বা নরিমান হাউসের ওপর নজরদারি চালানোর অভিযোগে যশ সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস)। ২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল এই ভবনটি। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, সে বিদেশি হ্যান্ডেলারদের নির্দেশে ইহুদি ও বিদেশি নাগরিকদের অবস্থান এবং বিভিন্ন স্পর্শকাতর স্থানের ছবি ও তথ্য সংগ্রহ করছিল। হ্যান্ডেলারদের কাছে এই তথ্য পাঠানোর আগেই পুলিশ তাকে পাকড়াও করে।
প্রাথমিক জেরায় যশ স্বীকার করেছে যে, সে বিদেশি হ্যান্ডেলারদের নির্দেশে এই কাজ করছিল। তদন্তে উঠে এসেছে, পাকিস্তানি সন্ত্রাসী শাহজাদ ভাট্টির চক্রের মতো বিভিন্ন গোষ্ঠী টেলিগ্রাম, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেকার ও আর্থিকভাবে পিছিয়ে পড়া যুবকদের টার্গেট করছে। সংবেদনশীল স্থানের রেইকি ও সন্ত্রাসী চক্রান্তে সহায়তার বিনিময়ে তাদের মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখানো হয়।
এদিকে, যশের গ্রেফতারির পর এই ঘটনার তদন্তে নেমেছে কেরল পুলিশও। ত্রিশূরের একটি মামলার সঙ্গে যশের কর্মকাণ্ডের যোগসূত্র খুঁজে পেয়েছে তারা। ইউএপিএ আইনের আওতায় থাকা ওই মামলার তদন্তে কেরল পুলিশের একটি দল ইতিমধ্যেই মুম্বই পৌঁছেছে। ধৃতের সঙ্গে ওই সন্ত্রাসী নেটওয়ার্কের গভীরতা এবং তার পরবর্তী পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে দুই রাজ্যের পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে।