শনিবারই কি বর্ষার আগমন, আন্দামানে সময়ের আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু!

ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশের আগেই বড়সড় সুখবর শোনাল ভারতীয় মৌসম বিভাগ (IMD)। আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এই বছর স্বাভাবিক সময়ের প্রায় ৫-৬ দিন আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করতে চলেছে। আগামী ১৬ মে-র মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু অংশে বর্ষা ঢুকে পড়ার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

সাধারণত ২০ থেকে ২২ মে-র মধ্যে আন্দামান অঞ্চলে বর্ষার আগমন ঘটে। তবে এবার নিম্নচাপের শক্তি বৃদ্ধি এবং বায়ুপ্রবাহের পরিবর্তনের ফলে এই সপ্তাহের শেষেই বৃষ্টির দেখা মিলতে পারে। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর অঞ্চলে নিম্নচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বর্ষাকে ত্বরান্বিত করতে সাহায্য করবে।

মূল ভূখণ্ড ও দক্ষিণ ভারতে প্রভাব

আন্দামানে আগাম বর্ষা মানেই কেরলে দ্রুত বৃষ্টি নামবে কি না, তা নিয়ে এখনই নিশ্চিত করেনি মৌসম বিভাগ। কেরলে বর্ষা আসার স্বাভাবিক সময় ১ জুন। তবে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে ১৩ থেকে ১৮ মে-র মধ্যে দক্ষিণ ভারতের কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় বঙ্গোপসাগর ও আন্দামান সংলগ্ন এলাকার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

পূর্ব ভারত ও বাংলায় আবহাওয়া পরিস্থিতি

মৌসুমী বায়ুর এই আগাম সক্রিয়তায় প্রভাব পড়বে পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৩ থেকে ১৯ মে-র মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ১৩ থেকে ১৬ মে পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসুমী বায়ু এগিয়ে আসার ফলে আগামী কয়েক দিন এই অঞ্চলগুলিতে গরমের তীব্রতা কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *