বিন্নাগুড়ি সেনা ছাউনিতে চিকিৎসায় সাড়া দিচ্ছে আহত হাতি

গত ১১ নভেম্বর বিন্নাগুড়ি সেনা ছাউনির ভেতরে একটি হাতিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান জওয়ানরা। হাতিটির সামনের বাঁ পায়ে গভীর ক্ষত তৈরি হয়েছিল এবং তাতে পচন ধরেছিল। ক্ষতস্থান থেকে পোকা বা ম্যাগট বেরিয়ে আসতে দেখে দ্রুত বন দফতর ও পরিবেশপ্রেমীদের খবর দেওয়া হয়। খবর পেয়েই বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াড ও জলপাইগুড়ি জেলা বন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান।

প্রাথমিক পর্যায়ে হাতিটি চিকিৎসায় বিশেষ সাড়া দিচ্ছিল না এবং খাবারের সঙ্গে দেওয়া ওষুধও সে গ্রহণ করছিল না। পরিস্থিতি মোকাবিলায় বন দফতর ট্র্যাঙ্কুলাইজার গানের মাধ্যমে ইনজেকশন দেওয়ার সিদ্ধান্ত নেয়। টানা পাঁচ দিন কড়া পর্যবেক্ষণে রাখার পর হাতিটির শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে। বর্তমানে সে স্বাভাবিক আচরণ করছে এবং নিজে থেকেই ওষুধ মেশানো খাবার গ্রহণ করছে।

পরিবেশপ্রেমীদের তথ্য অনুযায়ী, ওষুধের প্রভাবে হাতিটির পায়ের ক্ষতস্থান থেকে পোকা বেরিয়ে আসতে শুরু করেছে। বর্তমানে হাতিটি সেনা ছাউনির একটি নির্দিষ্ট এলাকায় ঘোরাফেরা করছে এবং বনকর্মীরা সার্বক্ষণিক তার শারীরিক পরিস্থিতির ওপর নজর রাখছেন। হাতিটি নিজে থেকে খাবার ও ওষুধ গ্রহণ করায় তার দ্রুত সুস্থ হয়ে ওঠার বিষয়ে আশাবাদী বন দফতরের আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *