কেন চিরকাল ন্যাড়া মাথা রাখেন বিশাল দাদলানি? ফাঁস করলেন নেপথ্যের কারণ
বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি দীর্ঘ সময় ধরে তাঁর ন্যাড়া লুকের জন্য পরিচিত। সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির ইউটিউব শো ‘ডাবল ডেট’-এ এসে তিনি নিজের এই সিগনেচার লুকের পেছনের রহস্য ফাঁস করেছেন। বিশাল জানিয়েছেন, তেইশ বছর বয়সে তিনি প্রথমবার মাথা মুণ্ডন করেছিলেন এবং তারপর থেকেই এই লুক বজায় রাখার সিদ্ধান্ত নেন।
সঙ্গীত পরিচালক জানান, সেই সময় তিনি অত্যন্ত ধর্মপ্রাণ ছিলেন। একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎই তাঁর তিরুপতি যাওয়ার ইচ্ছা হয়। সেখানে গিয়ে তিনি চুল দান করেন এবং তখনই প্রতিজ্ঞা করেন যে ভবিষ্যতে আর কখনও চুল বড় করবেন না। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, তার কোনো নির্দিষ্ট কারণ না থাকলেও তিনি একে মদ্যপান না করার সিদ্ধান্তের সঙ্গে তুলনা করেছেন।
বিশাল বলেন, ছোটবেলা থেকেই তিনি মদ্যপান না করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং আজও সেই সিদ্ধান্তে অটল। সিন্ধি পরিবারে মদ্যপান স্বাভাবিক বিষয় হলেও তিনি ব্যক্তিগতভাবে তা এড়িয়ে চলেন। একইভাবে, চুল না রাখার সিদ্ধান্তটিও তাঁর জীবনের একটি অটল নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
আড্ডার মাঝে বিশাল আরও জানান, অল্প বয়সে ধর্মপ্রাণ থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তাঁর চিন্তাধারায় পরিবর্তন এসেছে এবং বর্তমানে তিনি নিজেকে নাস্তিক বলেই পরিচয় দেন। বিশ্বাস ও জীবনযাপনে পরিবর্তন এলেও, তাঁর ন্যাড়া লুক আজও অপরিবর্তনীয় এবং এটিই বর্তমানে তাঁর পরিচয়ের অন্যতম প্রধান অংশ হয়ে উঠেছে।