উৎসবের মরসুমে দেশে ইলেকট্রিক গাড়ির বিক্রি ৬৯ শতাংশ বৃদ্ধি
দেশের অটোমোবাইল বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নবরাত্রি থেকে ভাইফোঁটা পর্যন্ত ৩২ দিনের উৎসবের মরসুমে দেশে মোট ৪০,১২২টি নতুন ইলেকট্রিক গাড়ি বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় ৬৯ শতাংশ বেশি। এই বৃদ্ধির ফলে প্যাসেঞ্জার ভেহিকেল বাজারে ইভি-র মার্কেট শেয়ার গত বছরের ৩.৮ শতাংশ থেকে বেড়ে ৬.৯ শতাংশে পৌঁছেছে।
ইলেকট্রিক গাড়ির এই জোয়ারের বিপরীতে সামগ্রিক গাড়ি বাজারে কিছুটা মন্থর গতি লক্ষ্য করা গেছে। উৎসবের মরসুমে সমস্ত ক্যাটাগরি মিলিয়ে মোট ৫,৮১,০০০টি গাড়ি বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় ৭.২ শতাংশ কম। পরিসংখ্যান অনুযায়ী, পেট্রোল গাড়ির বিক্রি ১৪.৫ শতাংশ কমে ৩.০১ লক্ষ ইউনিটে নেমেছে। পাশাপাশি ডিজেল গাড়ির বিক্রি ৬.৮ শতাংশ এবং সিএনজি গাড়ির বিক্রি ২.৪ শতাংশ হ্রাস পেয়েছে।
ইলেকট্রিক গাড়ির বাজারে বরাবরের মতো এবারও শীর্ষে রয়েছে টাটা মোটরস। এই মরসুমে টাটার ইভি বিক্রি ৭১ শতাংশ বেড়ে ১৬,২২০ ইউনিটে পৌঁছেছে। এছাড়া মহিন্দ্রার ইভি বিক্রি ৮৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯,৪০৭ ইউনিটে দাঁড়িয়েছে। এই দুই কোম্পানি মিলে বর্তমানে মোট ইভি বিক্রির প্রায় ৮০ শতাংশ বাজার দখল করে রেখেছে। জ্বালানি খরচ সাশ্রয় এবং পরিবেশবান্ধব যাতায়াতের প্রতি আগ্রহ বাড়ায় গ্রাহকরা এখন ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছেন বলে মনে করা হচ্ছে।