মারণ হান্টাভাইরাস আতঙ্কে কাঁপছে প্রমোদতরী, নিরাপদ রয়েছেন দুই ভারতীয় ক্রু

নেদারল্যান্ডের বিলাসবহুল প্রমোদতরী ‘এমভি হন্ডিয়াস’-কে কেন্দ্র করে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া হান্টাভাইরাস আতঙ্ক কিছুটা স্তিমিত হয়েছে। দীর্ঘ উৎকণ্ঠার পর জাহাজটি স্পেনের ক্যানারি আইল্যান্ডের টেনেরিফে নোঙর করেছে। এই জাহাজে থাকা দুই ভারতীয় ক্রু সদস্যকে নিয়ে বিশেষ উদ্বেগ তৈরি হলেও, মাদ্রিদে অবস্থিত ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে যে তাঁরা দুজনেই বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তাঁদের শরীরে মারণ এই ভাইরাসের কোনো উপসর্গ এখন পর্যন্ত ধরা পড়েনি।

অ্যানডেস স্ট্রেইন ও সংক্রমণের ঝুঁকি

সাধারণত ইঁদুরের মল, মূত্র বা লালা থেকে ছড়ালেও এবারের আতঙ্কের মূলে রয়েছে হান্টাভাইরাসের অত্যন্ত বিপজ্জনক ‘অ্যানডেস স্ট্রেইন’। বিশেষজ্ঞদের মতে, এই নির্দিষ্ট স্ট্রেইনটি সরাসরি মানবদেহ থেকে মানবদেহে সংক্রমিত হতে সক্ষম, যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। প্রমোদতরীটিতে এই ভাইরাসের দাপটে ইতিম্যেধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) আশ্বস্ত করে জানিয়েছে যে, এই ভাইরাস করোনার মতো দ্রুত গতিতে ছড়ায় না, তাই এখনই অতিমারির মতো পরিস্থিতির কোনো আশঙ্কা নেই।

প্রশাসনের তৎপরতা ও বর্তমান পরিস্থিতি

জাহাজটি তীরে ভিড়তেই আন্তর্জাতিক জনস্বাস্থ্য প্রোটোকল মেনে ১৫৭ জন যাত্রী ও ক্রু সদস্যকে নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রত্যেককে স্যানিটাইজ করার পাশাপাশি কড়া চিকিৎসাধীন পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্পেন প্রশাসন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা যৌথভাবে পরিস্থিতি মোকাবিলা করছেন। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই ভারতীয় কর্মীর বিষয়ে তাঁরা নিয়মিত খোঁজ রাখছেন এবং নিয়মমাফিক পর্যবেক্ষণের পরেই তাঁদের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে পুরো জাহাজটিকে ভাইরাসমুক্ত করার প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *