মালদার কনুয়া হাই মাদ্রাসায় বন্ধ হস্টেলের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

মালদার চাঁচল এলাকার কনুয়া হাই মাদ্রাসায় সরকারি অর্থ তছরুপের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, সরকারি নথিপত্রে হস্টেলটি চালু দেখানো হলেও বাস্তবে সেটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এমনকি হস্টেলটির আনুষ্ঠানিক উদ্বোধনও হয়নি। অথচ এই বন্ধ হস্টেলকে কেন্দ্র করে সরকারি তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিভাবকদের দাবি, হস্টেলের পাশাপাশি মিড-ডে মিলের বরাদ্দ এবং ছাত্রছাত্রীর সংখ্যা নিয়েও জালিয়াতি করা হয়েছে। ভুয়া তথ্য দেখিয়ে সরকারি অর্থ লুটের অভিযোগ তুলে তাঁরা মাদ্রাসার প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ জানিয়েও সুরাহা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাসার প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম সমস্ত দাবি অস্বীকার করেছেন। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন তিনি মাদ্রাসায় উপস্থিত থাকতে পারেননি এবং আগের দায়িত্বে থাকা টিআইসি এই বিষয়ে বিস্তারিত বলতে পারবেন। অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত দাবি করে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে বিষয়টি জানানোর কথা ঘোষণা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *