প্রধানমন্ত্রীর কৃচ্ছ্রসাধনের বার্তার পরেই আকাশছোঁয়া জ্বালানি, কলকাতায় পেট্রল ছাড়াল ১০৮ টাকা
শুক্রবার সকাল থেকেই দেশজুড়ে কার্যকর হয়েছে পেট্রল ও ডিজেলের নতুন দাম। গড়ে লিটার প্রতি ৩ টাকা মূল্যবৃদ্ধির ফলে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ৩ টাকা ২৯ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১০৮ টাকা ৭৪ পয়সায়। একইভাবে ৩ টাকা ১১ পয়সা বৃদ্ধির ফলে শহরে এক লিটার ডিজেলের বর্তমান দাম ৯৫ টাকা ১৩ পয়সা। দিল্লির বাজারেও চিত্রটা একই, সেখানে পেট্রল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে যথাক্রমে ৯৭ টাকা ৭৭ পয়সা এবং ৯০.৬৭ টাকা। মুম্বই ও চেন্নাইয়েও জ্বালানির দর ১০০ টাকার গণ্ডি পার করেছে।
জ্বালানির সঙ্গে বাড়ছে সিএনজি-র দর
কেবল পেট্রল বা ডিজেল নয়, পাল্লা দিয়ে বেড়েছে সিএনজি-র দামও। দিল্লিতে কেজি প্রতি সিএনজি-র দাম ২ টাকা বেড়ে হয়েছে ৮৭ টাকা। লক্ষণীয় বিষয় হল, পশ্চিমবঙ্গসহ চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হতেই এই মূল্যবৃদ্ধির ঘোষণা করা হল। দীর্ঘ ১১ মাস স্থিতিশীল থাকার পর একধাক্কায় তেলের দাম এতটা বেড়ে যাওয়ায় বাজারদরে বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
মূল্যবৃদ্ধির নেপথ্যে বিশ্বরাজনীতি ও সরবরাহ সংকট
পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের সরবরাহ ব্যাহত হওয়াকেই এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। আমদানিকৃত তেলের ওপর নির্ভরশীলতা ভারতের বৈদেশিক মুদ্রাভান্ডারেও চাপ তৈরি করছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দীর্ঘদিন ধরেই লোকসান এড়াতে দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তার পরপরই এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে বড় ধরনের মুদ্রাস্ফীতির সংকেত দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পণ্যবাহী পরিবহণ খরচ বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়ার সম্ভাবনা প্রবল।