ডিআরডিও-তে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন করবেন যেভাবে
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) তাদের অ্যাডভান্সড সেন্টার ফর এনার্জেটিক মেটেরিয়ালস (এসিইএম) কেন্দ্রে ইন্টার্নশিপের সুযোগ ঘোষণা করেছে। নাসিক স্থিত এই কেন্দ্রে মূলত রকেট ও ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত প্রোপেল্যান্ট সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তিগত কাজ ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হয়। ছয় মাস মেয়াদী এই ইন্টার্নশিপের জন্য মোট পাঁচটি আসন বরাদ্দ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ৫,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, মেকানিক্যাল বা আর্মামেন্ট ইঞ্জিনিয়ারিং, ডিফেন্স টেকনোলজি এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণকালীন ডিগ্রি কোর্সে অধ্যয়নরত হতে হবে। আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের ক্ষেত্রে সপ্তম বা অষ্টম সেমিস্টার এবং পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের প্রথম বা দ্বিতীয় বর্ষে থাকা বাধ্যতামূলক। এছাড়া প্রার্থীর বয়স ২৮ বছরের নিচে হতে হবে এবং একাডেমিক রেকর্ডে ন্যূনতম ৮৫ শতাংশ নম্বর বা ৮.৫ সিজিপিএ থাকা আবশ্যক।
আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। ১৭ নভেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এই আবেদনের শেষ তারিখ ১১ ডিসেম্বর ২০২৬। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই মেধার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে, তবে প্রয়োজনে সাক্ষাৎকার নেওয়া হতে পারে। নির্বাচিত প্রার্থীদের ১৫ ডিসেম্বর ২০২৬-এর পর জানানো হবে এবং প্রশিক্ষণ শুরু হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে। যোগদানের সময় প্রার্থীদের কলেজের এনওসি, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।