অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এনজেপি স্টেশনে গ্রেফতার বাংলাদেশি তরুণী

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশন থেকে এক বাংলাদেশি তরুণীকে গ্রেফতার করেছে জিআরপি। ধৃতের নাম ওদেরা আক্তার, যার বয়স আনুমানিক ৩০ বছর। তিনি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার সিরাজগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আগে থেকেই তাঁর গতিবিধির ওপর নজর রাখছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর সিলেট-মেঘালয় সীমান্ত দিয়ে ওই তরুণী অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর তিনি গুয়াহাটির কামাখ্যা স্টেশন থেকে ডাউন চেরালাপল্লী এক্সপ্রেসের জেনারেল কামরায় উঠে হায়দরাবাদের উদ্দেশে রওনা হয়েছিলেন। ট্রেনটি এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালে জিআরপি আধিকারিকরা তল্লাশি চালিয়ে তাঁকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শুক্রবার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ধৃত তরুণীকে জলপাইগুড়ির হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। তিনি কেন ভারতে এসেছিলেন এবং হায়দরাবাদ যাওয়ার পেছনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের এই ঘটনায় রেলপথে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *