রাজস্থানে নুডলস খেয়ে মৃত্যু ৭ বছরের শিশুর, অসুস্থ দিদি
রাজস্থানে নুডলস খেয়ে এক সাত বছরের শিশুকন্যার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত ১৯ নভেম্বর রাজস্থানের এই মর্মান্তিক ঘটনায় পিহু নামে ওই শিশুটির মৃত্যু হয়। ঘটনার সময় বাড়িতে পিহু এবং তার দিদি দিব্যাংশী একাই ছিল। দুই বোন নিজেরাই নুডলস রান্না করে খেয়েছিল এবং খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিল বলে জানা গিয়েছে।
দুপুর তিনটে নাগাদ বাড়ি ফিরে মা দেখেন দিব্যাংশী অসুস্থ এবং পিহু অচেতন অবস্থায় রয়েছে। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পিহুকে মৃত ঘোষণা করেন। দিব্যাংশীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তবে শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সে বর্তমানে সুস্থ রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রাথমিক তদন্তে খাদ্যে বিষক্রিয়াকেই মৃত্যুর কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। উল্লেখ্য, মাস দুয়েক আগে পিহুর দাদা গোবিন্দও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।