ডিসেম্বরেই চালু হচ্ছে অরেঞ্জ লাইন, আজ রাত থেকেই চিংড়িঘাটায় যান নিয়ন্ত্রণে বড় বদল!

কলকাতা ও শহরতলির নিত্যযাত্রীদের জন্য অবশেষে স্বস্তির খবর। সব ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই নিউ গড়িয়া থেকে আইটি পার্ক (সেক্টর ফাইভ) পর্যন্ত সম্পূর্ণ অংশে মেট্রো চলাচল শুরু হতে চলেছে। দীর্ঘদিনের আইনি ও প্রশাসনিক জট কাটিয়ে আজ, শুক্রবার রাত থেকেই চিংড়িঘাটা মোড়ে অরেঞ্জ লাইনের বকেয়া ৩৬৬ মিটার অংশের নির্মাণকাজ পুরোদমে শুরু হচ্ছে। তবে এই মেগা প্রকল্পের কাজের জেরে আগামী দুটি সপ্তাহান্তে ইএম বাইপাসে বড়সড় ট্র্যাফিক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিংড়িঘাটায় ১২০ ঘণ্টার ট্র্যাফিক ব্লক
মেট্রোর কাজের জন্য আগামী দুটি সপ্তাহান্তে মোট ১২০ ঘণ্টা চিংড়িঘাটা ক্রসিংয়ে যান চলাচল আংশিক নিয়ন্ত্রিত থাকবে। প্রথম পর্যায়ের কাজ শুরু হচ্ছে আজ, শুক্রবার রাত ৮টা থেকে। যা চলবে আগামী ১৮ মে, সোমবার সকাল ৮টা পর্যন্ত। এই দফায় চিংড়িঘাটা উড়ালপুলের নিচে ইএম বাইপাসের পশ্চিম দিক বন্ধ রেখে উত্তরমুখী যান চলাচল আংশিক নিয়ন্ত্রণ করা হবে।
একইভাবে, দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে ২২ মে, শুক্রবার রাত ৮টা থেকে ২৫ মে, সোমবার সকাল ৮টা পর্যন্ত। এই সময়ে দক্ষিণমুখী যান চলাচলের ওপর বিধিনিষেধ চাপিয়ে চিংড়িঘাটা ক্রসিংয়ের কাছে ইএম বাইপাসের পূর্ব দিকটি বন্ধ রাখা হবে। দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্য সরকারের টানাপোড়েনে এই অংশের কাজ আটকে ছিল। এই বকেয়া কাজটুকু শেষ হলেই অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ হয়ে বিমানবন্দর পর্যন্ত যাতায়াত আরও দ্রুত ও মসৃণ হবে। সেক্টর ফাইভ পৌঁছানোর পর যাত্রীরা সহজেই গ্রিন লাইনের মেট্রো ব্যবহারের সুযোগও পাবেন।
রবিবার ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা
অরেঞ্জ লাইনের অগ্রগতির মাঝেই আগামী ১৭ মে, রবিবার ব্লু লাইনে (উত্তর-দক্ষিণ করিডোর) আংশিক মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের মধ্যে ওই দিন বিশেষ ট্র্যাফিক ব্লক নেওয়া হচ্ছে। মূলত কবি সুভাষ স্টেশনের সংস্কার এবং শহিদ ক্ষুদিরাম স্টেশনে ট্রেন ঘোরানোর (রেক রিভার্সাল) বিশেষ পরিকাঠামো তৈরির জন্যই এই সিদ্ধান্ত। ফলে রবিবার কবি সুভাষের দিকে মেট্রো যাবে না, ট্রেন চলাচল শুধুমাত্র দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।