মেরামতির কাজের জন্য রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

মেরামতি ও সংস্কারের কাজের জন্য আগামী রবিবার বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। সেতুর স্টে, হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিংয়ের মতো গুরুত্বপূর্ণ অংশগুলির রক্ষণাবেক্ষণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ২২ নভেম্বর সকাল ৫টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা সেতু ও তার সংযোগকারী ব়্যাম্প দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, জিরাট আইল্যান্ডের দিক থেকে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিং হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে। এছাড়া খিদিরপুর রোড থেকে আসা গাড়িগুলিকেও ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে স্ট্র্যান্ড রোড ধরে গাড়িগুলি হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে।

খিদিরপুরের দিক থেকে সার্কুলার গার্ডেনরিচ রোড হয়ে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ঘোড়াপাসের কাছে ওয়াই পয়েন্টের ব়্যাম্প দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে রেড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *