শুক্রাণুতে ৬ বছর লুকিয়ে থাকতে পারে হান্টাভাইরাস! মিলনে বড় ঝুঁকির আশঙ্কা
হান্টাভাইরাস নিয়ে চিকিৎসা বিজ্ঞানে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সাধারণত ইঁদুর বা বায়ুবাহিত হিসেবে পরিচিত এই ভাইরাসটি এবার মানুষের শরীরে দীর্ঘ মেয়াদে লুকিয়ে থাকার নতুন চাবিকাঠি খুঁজে পেয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, হান্টাভাইরাস সংক্রমিত হওয়ার পর একজন পুরুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেও তার অণ্ডকোষে এই ভাইরাস প্রায় ৬ বছর বা ৭১ মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। ফলে সুস্থ মানুষের অজান্তেই যৌন মিলনের মাধ্যমে এই মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ার এক বিশাল ঝুঁকি তৈরি হয়েছে।
সুইৎজারল্যান্ডের সরকারি সংস্থা স্পিজ ল্যাবরেটরি এই গবেষণাটি পরিচালনা করেছে। বিজ্ঞানীরা দক্ষিণ আমেরিকায় হান্টাভাইরাসের ‘অ্যান্ডিস স্ট্রেইনে’ আক্রান্ত হওয়া ৫৫ বছর বয়সী এক সুস্থ ব্যক্তির ওপর পরীক্ষা চালিয়ে এই তথ্য আবিষ্কার করেন। পরীক্ষায় দেখা যায়, ওই ব্যক্তির রক্ত, মূত্র বা শ্বাসতন্ত্রে ভাইরাসের কোনো অস্তিত্ব না থাকলেও তার শুক্রাণুতে ভাইরাসটি সক্রিয় ছিল। ইবোলা এবং জিকা ভাইরাসের ক্ষেত্রেও অতীতে এমন বৈশিষ্ট্য দেখা গেছে। চিকিৎসকদের মতে, পুরুষের অণ্ডকোষে শুক্রাণু সুরক্ষার জন্য শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সেখানে সহজে আক্রমণ করে না। এই প্রাকৃতিক সুরক্ষাকবচকে কাজে লাগিয়েই হান্টাভাইরাস রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বছরের পর বছর অণ্ডকোষে নিরাপদ আশ্রয় গড়ে তোলে।
ব্রিটেনে সংক্রমণ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কঠোর সতর্কতা
সম্প্রতি ব্রিটেনে ‘এমভি হন্ডিয়াস’ নামক একটি ক্রুজ জাহাজে ৮ জনের শরীরে নিশ্চিত হান্টাভাইরাস এবং ২০ জনের শরীরে উপসর্গহীন সংক্রমণ শনাক্ত হয়েছে। এই ঘটনার পর নতুন গবেষণাটি চিকিৎসা মহলে বাড়তি উদ্বেগ তৈরি করেছে। এর আগে ২০২১ সালে গিনিতে ইবোলা মহামারি থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তির শুক্রাণুর মাধ্যমে বছরের পর বছর পর পুনরায় সংক্রমণ ছড়ানোর প্রমাণ মিলেছিল। হান্টাভাইরাসের ক্ষেত্রে এখনও যৌন সংক্রমণের নিশ্চিত কোনো ঘটনা নথিভুক্ত না হলেও অ্যান্ডিস স্ট্রেইনের তীব্রতা দেখে বিজ্ঞানীরা কোনো ঝুঁকি নিতে রাজি নন। অন্তত ২৭টি সংক্রামক রোগ পুরুষের অণ্ডকোষে বাসা বাঁধতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ইবোলা রোগীদের মতো হান্টাভাইরাস আক্রান্তদের জন্যও একই ধরনের কঠোর স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণের তাগিদ দিচ্ছে। এই ভাইরাসের সংক্রমণ ছড়ানো রোধ করতে আক্রান্ত পুরুষদের ন্যূনতম ৪২ দিনের কোয়ারেন্টাইনের পাশাপাশি দীর্ঘ সময়ের জন্য নিরাপদ যৌন মিলন বা কন্ডোম ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে, সম্পূর্ণ সুস্থতার ছাড়পত্র এবং শুক্রাণু পরীক্ষায় পরপর দুবার নেগেটিভ ফলাফল না আসা পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের কন্ডোম ছাড়া যৌন সংসর্গ থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত। ব্রিটেনের স্বাস্থ্য সুরক্ষা সংস্থাও (UKHSA) এই নতুন গবেষণাটি পর্যবেক্ষণ করছে এবং সংক্রমিতদের বিশেষ যৌন সতর্কতা মেনে চলার নির্দেশ দিচ্ছে।