ইডেনে বরুণকে নিয়ে আশার আলো, ছেলের পাশে দাঁড়াতে কলকাতায় গিলের বাবা
আইপিএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকার মরণবাঁচন ম্যাচে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এই হাইভোল্টেজ ম্যাচের আগে নাইট শিবিরে স্বস্তির হওয়া। চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দলের প্রধান রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। শুক্রবার ইডেনের নেটে তাঁকে বল করতে দেখা গেছে, যা কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য বড় সুখবর। তবে পুরোপুরি ফিট হতে না পারায় মাঠে তাঁকে কিছুটা খুড়িয়ে হাঁটতেও দেখা গেছে।
ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, বরুণের শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছেন দলের মেডিক্যাল টিম ও কোচিং স্টাফ। শনিবারের ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা, তা ম্যাচের আগেই চূড়ান্ত করা হবে। চলতি মরশুমে কেকেআরের বোলিং বিভাগের অন্যতম প্রধান স্তম্ভ বরুণ। তাঁর উপস্থিতি দলের বোলিং আক্রমণকে শক্তিশালী করবে, যা গুজরাটের শক্তিশালী ব্যাটিং লাইনের বিরুদ্ধে অত্যন্ত জরুরি।
পয়েন্ট টেবিলের জটিল সমীকরণ
এই মুহূর্তে ১১ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। নেট রান রেটও মাইনাসে (-০.১৯৮) থাকায় প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে ঘরের মাঠে গুজরাটের বিরুদ্ধে জয় ছাড়া কোনো বিকল্প নেই নাইটদের সামনে। অন্যদিকে, টানা পাঁচ ম্যাচ জিতে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা গুজরাট টাইটান্স চাইবে কলকাতাকে হারিয়ে শীর্ষস্থান দখল করতে।
ইডেনে লখবিন্দর ও রাচীনের বিদায়
এই মেগা ম্যাচের আগে ক্রিকেটপ্রেমীদের বাড়তি আকর্ষণ শুভমান গিলের বাবা লখবিন্দর সিং গিল। ছেলের খেলা দেখতে আবারও ইডেন গার্ডেন্সে হাজির হয়েছেন তিনি। উল্লেখ্য, কেকেআরের হাত ধরেই শুভমানের আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল, তাই কলকাতার মাঠের প্রতি তাঁর আলাদা আবেগ রয়েছে। কলকাতায় পা রেখেই তিনি জানতে চেয়েছেন, শনিবারের ম্যাচে দলের মালিক শাহরুখ খান উপস্থিত থাকবেন কিনা।
এদিকে ইংল্যান্ড সফরের প্রস্তুতির জন্য কেকেআর শিবির ছেড়ে নিউজিল্যান্ডে ফিরে গেছেন অলরাউন্ডার রাচীন রবীন্দ্র। ২ কোটি টাকায় দলভুক্ত হলেও চলতি মরশুমে কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। ফলে তাঁর চলে যাওয়ায় কলকাতার মূল একাদশ গঠনে বড় কোনো প্রভাব পড়বে না বলেই মনে করছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।