জ্বালানি সংকট রুখতে মোদীর মাস্টারস্ট্রোক, আড়াই ঘণ্টার আবুধাবি সফরে ভারতের ঝুলিতে এলপিজি ও বিপুল বিনিয়োগ!

পাঁচ দেশ সফরের প্রথম প্রহরেই সংযুক্ত আরব আমিরশাহিতে (ইউএই) পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাত্র আড়াই ঘণ্টার সংক্ষিপ্ত সফর হলেও এর কূটনৈতিক ও কৌশলগত গুরুত্ব অপরিসীম। বিশেষত, ইজরায়েল-ইরান সংঘাতের আবহে যখন বিশ্ব তেলের বাজার টালমাটাল, তখন আমিরশাহির প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর এই বৈঠক দেশের শক্তি নিরাপত্তায় বড়সড় রক্ষাকবচ হিসেবে কাজ করবে। এদিন দুই দেশের মধ্যে এলপিজি সরবরাহ এবং কৌশলগত পেট্রোলিয়াম ভাণ্ডার নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত চুক্তি

ইরান ও ইজরায়েল সংঘাতের জেরে বর্তমানে হরমজ প্রণালীতে নৌ-চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ গভীর চাপে রয়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে ওপেকের (OPEC+) বাইরে বেরিয়ে এসে আমিরশাহির সঙ্গে ভারতের এই নতুন গাঁটছড়া তেল ও গ্যাসের নিরবচ্ছিন্ন জোগান নিশ্চিত করবে। শুধু জ্বালানি নয়, প্রতিরক্ষা ক্ষেত্রেও ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক’-এ সায় দিয়েছে দুই দেশ। সাইবার ডিফেন্স থেকে শুরু করে সামরিক প্রশিক্ষণ ও মেরিটাইম সিকিউরিটিতে এবার থেকে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে দিল্লি ও আবুধাবি। কূটনৈতিক মহলের মতে, বিশ্বজুড়ে ঘনিয়ে আসা জ্বালানি সংকটের মেঘ কাটাতে এই সিদ্ধান্ত ভারতের জন্য অত্যন্ত সময়োপযোগী।

অর্থনৈতিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা

মোদি-নাহিয়ান সাক্ষাতের পরই আমিরশাহি ভারতে ৫০০ কোটি ডলার বা ৫ আরব ডলার বিনিয়োগের ঘোষণা করেছে। এই বিপুল অর্থ ব্যয় হবে ভারতীয় পরিকাঠামো ও আর্থিক ক্ষেত্রে। এর পাশাপাশি, গুজরাটের ভাদিনারে তৈরি হবে জাহাজ মেরামতির বিশাল কেন্দ্র। প্রযুক্তির ময়দানেও বড় চমক নিয়ে এসেছে এই সফর। ভারতে ৮টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (AI) সুপার কম্পিউটার স্থাপনে একমত হয়েছে দুই দেশ। এছাড়া পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ও স্টার্টআপ নিয়েও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে।

এই সফরে এক বিরল কূটনৈতিক সম্মানে ভূষিত করা হয় ভারতীয় প্রধানমন্ত্রীকে। আমিরশাহির আকাশে মোদির বিমানকে সসম্মানে পাহারা দিয়ে নিয়ে যায় সে দেশের এফ-১৬ যুদ্ধবিমান। দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে আমিরশাহিতে বসবাসকারী প্রায় ৪৫ লক্ষ ভারতীয়র স্বার্থ ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সাথে তুলে ধরেন নরেন্দ্র মোদী। আমিরশাহি সফর সেরে এদিনই প্রধানমন্ত্রী তাঁর পাঁচ দেশীয় সফরের পরবর্তী অংশ হিসেবে নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালির উদ্দেশে রওনা দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *